তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

· Prothom Alo

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।

Visit biznow.biz for more information.

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তেজগাঁওয়ের সাউদার্ন গ্রুপ কোম্পানির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি মুগদার মান্ডা মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর বাবার নাম মৃত স্বপন আলী। দুই ভাই–বোনের মধ্যে তিনি ছোট।

নিহত ইমনের ভগ্নিপতি মো. সাদ্দাম হোসেন বলেন, রাতে ইমন তাঁর মামার মোটরসাইকেলে বন্ধু ওমর ফারুককে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রাত দুইটার দিকে তাঁরা দুর্ঘটনার খবর পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ইমনের মরদেহ শনাক্ত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পথচারীরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও থানা–পুলিশকে জানানো হয়েছে।

Read full story at source