মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

· Prothom Alo

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। অটোরিকশার ব্যাটারি চুরি নিয়ে বিচার-সালিসকে কেন্দ্র করে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Visit biznow.biz for more information.

নিহত ওই যুবকের নাম মোয়াজ্জেম মোল্লা (২৯)। তিনি সদর উপজেলার শিলইয়ের তমি মোল্লার ছেলে। মোয়াজ্জেমের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে দুটি, মাদক আইনে দুটিসহ পাঁচটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মার্চ সদরের শিলই ইউনিয়নের শিলই গ্রামের হৃদয়, আরাফাত ও আসাদ পাঠানরা পার্শ্ববর্তী মোল্লাকান্দি ইউনিয়নের আকাল মেঘ গ্রামের মন্টু দেওয়ানের অটোরিকশার গ্যারেজ থেকে ভ্যাটারি চুরি করেন। ঘটনাটি জানাজানি হলে দুই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ১৪ মার্চ একটি সালিস হয়। সালিস শেষে মন্টু দেওয়ানদের ওপর বন্দুক ও  অস্ত্র নিয়ে হামলা করে হৃদয়, আরাফাত, আসাদ এবং তাঁদের পক্ষের মোয়াজ্জেম মোল্লারা।

এ ঘটনায় মন্টু দেওয়ানের বাবা আলমাস দেওয়ান সেদিন রাতে সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আলী আকবর নামে একজনকে গ্রেপ্তার করেছিলেন। তবে মোয়াজ্জেমসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। শনিবার ঈদের দিন নিজ এলাকায় না গিয়ে টঙ্গিবাড়ী উপজেলার দরজারপার এলাকায় মোয়াজ্জেমকে দেখতে পান প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি জানতে পেরে মন্টু দেওয়ান পক্ষের লোকজন সন্ধ্যা সাতটার দিকে মোয়াজ্জেমের ওপর হামলা চালান। তাঁকে কুপিয়ে আহত করেন। স্থানীয় বাসিন্দারারা মোয়াজ্জেমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অরুণ কুমার সাহা জানান, রাত পৌনে আটটার দিকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে বোঝা গেছে, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Read full story at source