সংসদ নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী সোহেল হলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক
· Prothom Alo

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা থাকবে।
Visit fish-roadgame.com for more information.
গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে সোহেল হোসনাইন কায়কোবাদকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সরকার যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকর ও গতিশীল করতে তিনি সবার সহযোগিতা চান। জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করার চেষ্টা থাকবে।
এদিকে জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জেলা পরিষদের প্রশাসক পদে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ছিলেন। তাঁর আশা, এই নিয়োগের ফলে সেবার মান বাড়বে।
প্রসঙ্গত, সোহেল হোসনাইন কায়কোবাদ প্রায় তিন দশক ধরে কুড়িগ্রামে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আতিকুর রহমানের কাছে পরাজিত হন।