মধুবাগে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু
· Prothom Alo

রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামের এক নারী মারা গেছেন। শুক্রবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
Visit xsportfeed.quest for more information.
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, রাশেদা বেগম সপরিবার মধুবাগ ৩ নম্বর গলির একটি বাসায় থাকতেন। তিনি বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
রাশেদার দেবর সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, রাশেদা বেগম রাত সোয়া আটটার দিকে মধুবাগের একটি বাসা থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে সেখানের একটি নির্মাণাধীন ভবনের দেয়ালের একাংশ ধসে একটি ইট রাশেদার মাথায় পড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে স্বজনেরা রাশেদা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদা বেগমকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রাশেদার গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামে। তাঁর স্বামী সাইফুল ইসলাম পেশায় রিকশাচালক। এই দম্পতির তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে।