ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর
· Prothom Alo

রাজধানীর পল্টন থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী এই তথ্য নিশ্চিত করেন।
Visit librea.one for more information.
গতকাল বুধবার ভোরে ঢাকার জিরো পয়েন্ট এলাকা থেকে জামাল উদ্দীনকে আটক করে পল্টন থানার পুলিশ। ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬’ নামের কর্মসূচি পালনের সময় তাঁকে আটক করার কথা পুলিশ জানায়। পরে সন্ত্রাসবিরোধী আইনে পল্টন থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জামাল উদ্দীনের জামিন চেয়ে গতকালই আদালতে আবেদন করা হয়েছিল। আজ এই আবেদনের ওপর শুনানি হয়। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী খায়ের উদ্দিন শিকদার, গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে জামিনের বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত আদেশ দেন।
জামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল দলের নেতা হিসেবে পরিচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার