বইপ্রেমীরা আসছেন মেলায়

· Prothom Alo

অমর একুশে বইমেলার সময় ফুরিয়ে আসছে। আজ বৃহস্পতিবার নিয়ে আর চার দিন চলবে মেলা। বরাবরই কিছু পাঠক থাকেন, যাঁরা মেলার শেষ পর্যায়ে বই কিনতে আসেন। তাঁদের কাছে থাকে পছন্দের বইয়ের তালিকা। তেমনই এক ক্রেতার দেখা পাওয়া গেল গতকাল বুধবার প্রথমা প্রকাশনের স্টলে। তিনি সৈয়দ তারিকুজ্জামান, পেশায় অর্থনীতিবিদ। বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে এখন অবসরে আছেন। লেখালেখি করেন আর সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড সোশ্যাল অ্যাকশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিনি বলেন, পত্রপত্রিকায় প্রকাশিত বইয়ের তথ্য ও ক্যাটালগ থেকে একটা তালিকা নিয়ে মেলায় এসেছেন বই কিনতে। প্রথমার স্টল থেকে কিনলেন রুমিন ফারহানার সংসদের দিনগুলি: একাদশ সংসদের সাড় তিন বছর বইটি।

মেলার এই শেষ সময়ে যাঁরা নিয়মিত বই কেনেন, এমন পাঠক যেমন আসেন, তেমনি বিভিন্ন প্রতিষ্ঠানও আসে তাদের প্রতিষ্ঠানের জন্য নতুন বই কিনতে। ফলে শেষ দিনগুলোতে যাঁদের মানসম্মত বই বেশি, এমন প্রকাশকদের বিক্রি ভালোই হয়। গতকাল প্রথমার স্টলে যেসব বই বেশি বিক্রি হয়েছে, সেগুলোর মধ্যে ছিল সরদার ফজলুল করিমের আত্মজীবনী ও অন্যান্য, মতিউর রহমান সম্পাদিত বিদ্রোহী বর্ণমালা, বদরুল আলমের ইরান: খোমেনির ইসলামি বিপ্লব ও তারপর, জোবেরা রহমান লিনুর জীবনজালের এপার-ওপার। গতকাল নতুন এসেছে রাহিতুল ইসলামের উপন্যাস বাদলের কারাবাস।

Visit livefromquarantine.club for more information.

নতুন বই

তথ্যকেন্দ্রে গতকাল নতুন বইয়ের নাম এসেছে ১১৩টি। উল্লেখযোগ্য নতুন বইয়ের মধ্যে কথাপ্রকাশ এনেছে নূরুল কবীরের প্রবন্ধ দ্বিরালাপ: চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা, পাঞ্জেরী এনেছে জাহিদ হায়দারের কাব্য কাঠফড়িঙের ঋতুদিন, অনন্যা এনেছে মাহবুব আজীজের প্রবন্ধ উচ্চারণের বিপরীতে: গণঅভ্যুত্থানউত্তর রাজনীতি সংঘাত, অবিশ্বাস, সংশয়, অনুভব এনেছে রাখাল বিশ্বাসের প্রবন্ধ লোকসাহিত্য ও গ্রামীণ সংস্কৃতি, স্বপ্ন ’৭১ এনেছে ইতিহাস গ্রন্থ ড. মো. এমরান জাহান সম্পাদিত পলাশীর যুদ্ধ: সত্যের অনুসন্ধানে, ছায়াবীথি এনেছে আয়ান আহমেদের ক্রীড়াবিষয়ক বই ফিফা ও বিশ্বকাপ ফুটবলের ইতিহাস, অন্যপ্রকাশ এনেছে হাসান হাফিজের নির্বাচিত ১০০ কবিতা।

Read full story at source