ফেসবুকে জাইমা রহমানের আসল পেজ কোনটি, ইনস্টাগ্রামেও তিনি কি সরব
· Prothom Alo

বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তবে কেবল রাজপথ বা বৈঠকখানার আলোচনায় নয়, জাইমা রহমানের সরব উপস্থিতি এখন ভার্চ্যুয়াল জগতেও। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে জাইমা রহমানের অসংখ্য পেজ, প্রোফাইল বা অ্যাকাউন্ট রয়েছে। যেগুলোকে ভুয়া বলা যায়। তবে তাঁর নীল টিকচিহ্নযুক্ত আসল বা ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে। আবার ইনস্টাগ্রামে জাইমা রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে। জাইমার আসল পেজ ও অ্যাকাউন্ট তরুণ প্রজন্ম ও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
Visit catcross.org for more information.
ফেসবুক পেজে কী লিখছেন জাইমা?
জাইমা রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি অত্যন্ত মার্জিত ও গঠনমূলক কায়দায় নিজের মতামত প্রকাশ করছেন। তিনি দেশের তরুণদের প্রত্যাশা, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে বেশ কিছু পোস্ট দিয়েছেন। সম্প্রতি জাইমা রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। বাবার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং দেশের প্রতি তাঁর নিষ্ঠার কথা তুলে ধরে জাইমা লিখেছেন, ‘আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি—যাঁর ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।’
পোস্টটিতে জাইমা রহমান আরও উল্লেখ করেন যে দেশের জনগণের প্রতি তাঁর বাবার গভীর দেশপ্রেমই তাঁকে (প্রধানমন্ত্রী তারেক রহমান) আজকের এ অবস্থানে নিয়ে এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সমগ্র বাংলাদেশ এখন তাঁর বাবার এই অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে, যা তাঁকে একজন সত্যিকারের সফল প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে।
জাইমা রহমানের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টফেসবুক ও ইনস্টাগ্রামে সরব উপস্থিতি
জাইমা রহমান কেবল ফেসবুকেই নন, বরং জনপ্রিয় ছবিভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও বেশ সক্রিয়। তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে তিনি নিজের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক মুহূর্তের কিছু স্থিরচিত্র শেয়ার করে থাকেন। তরুণ প্রজন্মের কাছে তাঁর মার্জিত রুচি ও আধুনিক জীবনবোধের প্রতিফলন ঘটছে এই মাধ্যমে।
জাইমার ভেরিফায়েড পেইজ কোনটি?
সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের নামে অসংখ্য ভুয়া আইডি ও পেজ থাকলেও তাঁর আসল ভেরিফায়েড পেজ নিয়ে ২০২৫ সালেই বিভ্রান্তি দূর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মেটার দেওয়া নীল টিকপ্রাপ্ত জাইমা রহমানের একমাত্র অফিশিয়াল ফেসবুক আইডিটি হলো facebook.com/zzrahman25। পেজটিতে তাঁর অনুসরণকারীর সংখ্যা এখন পর্যন্ত ১৪ লাখ। বাবা–মায়ের সঙ্গে ছবি দিয়ে জাইমার ‘ভোট দিয়েছি’ পোস্টে রিঅ্যাকশন পড়েছে ৯ লাখ ২৯ হাজার। সাধারণত অন্যান্য পোস্টে রিঅ্যাকশন লাখের আশপাশে ও লাখের বেশি। এসব পোস্টে সাধারণত কমেন্ট পড়ে হাজার হাজার।
তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিটি হলো https://www.instagram.com/zzrahman25। এতে তাঁর অনুসরণকারীর সংখ্যা ৪ লাখ ২৮ হাজার। এখানেও তাঁর কোনো কোনো ছবিতে রিঅ্যাকশন লাখ ছাড়িয়ে গেছে। এবারের ভোট দেওয়ার পর বাবা–মায়ের সঙ্গে ছবিতে রিঅ্যাকশন পড়েছে ৩ লাখ ২৪ হাজার। আবার বাবা তারেক রহমানের কাঁধে ছোট্ট জাইমা—এই ছবিতে রিঅ্যাকশন ২ লাখ ৬২ হাজার। কমেন্ট পড়েছে হাজার হাজার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজবর্তমানে দেশের শীর্ষ এই নেতার কর্মকাণ্ড এবং সরকারি নানা বার্তা প্রচারের জন্য তাঁর ফেসবুক পেজটি অত্যন্ত সক্রিয়। বর্তমানে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজটি হলো https://www.facebook.com/tariquerahman.bdbnp। পেইজটিতে অনুসরণকারীর সংখ্যা প্রায় ৭০ লাখ।
বিশ্লেষকেরা মনে করছেন, বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে সরাসরি পৌঁছানোর জন্য জাইমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। তাঁর এই আধুনিক ও সাবলীল উপস্থিতি আগামীর রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের কোনো অ্যাকাউন্ট নেই বলে আগেই নিশ্চিত হওয়া গেছে। তাই সাধারণ পাঠকদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।