নাটোরে ওসির সামনে চাঁদা দাবি করা সেই যুবদল নেতা গ্রেপ্তার
· Prothom Alo

নাটোরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে চাঁদা দাবি করা যুবদল নেতা রাকিবুর রহমানকে (রাজা) গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শনিবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার তুলাধুনা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। এর আগে ভুক্তভোগী ইজারাদার ওবায়দুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।
Visit extract-html.com for more information.
গুরুদাসপুর থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ওসির সামনে ওবায়দুল ইসলাম নামের এক হাট ইজারাদারের কাছে যুবদল নেতা রাকিবুর রহমান পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ওই ইজারাদারের হাত–পা ভেঙে গুঁড়িয়ে দেওয়ারও হুমকি দেন তিনি। এ সময় ওসি রাকিবুর রহমানকে রমজান মাসের কথা স্মরণ করিয়ে দেন এবং ঘটনাস্থল ছেড়ে যাওয়ার অনুরোধ করেন। ঘটনাটি স্থানীয় এক সাংবাদিক ফেসবুক লাইভ করলে তা ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। বিষয়টি নিয়ে আইনি কোনো পদক্ষেপ না নেওয়ায় সমালোচনার ঝড় ওঠে।
নাটোরে ওসির সামনে চাঁদা দাবি করা সেই যুবদল নেতা বহিষ্কারপরে গত শুক্রবার রাতে ইজারাদার ওবায়দুল ইসলাম যুবদল নেতার রাকিবুর রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে রাকিবুর রহমানকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের তাগিদ দেয় সংগঠনের জেলা কমিটি।
এর মধ্যে গতকাল সন্ধ্যায় ইজারাদার ওবায়দুল ইসলাম বাদী হয়ে রাকিবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করেন। মামলাটি গ্রহণের পরপরই ডিবি রাকিবুর রহমানকে তুলাধুনা বাজার থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে গুরুদাসপুর আমলি আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, ভুক্তভোগী প্রথমে মামলা করতে না চাওয়ায় মামলা করতে বিলম্ব হয়েছে। তবে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত রাকিবুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
রাকিবুর রহমান গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি চন্দ্রপুর তুলাধুনা হাটের ইজারা নেওয়ার জন্য দরপত্র দাখিল করেছিলেন। কিন্তু দর কম দেওয়ায় তিনি হাটটির ইজারা পাননি। সর্বোচ্চ দরদাতা হওয়ায় ইজারা পান ওবায়দুল ইসলাম। তিনি গুরুদাসপুর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সহসভাপতি।