আহসান এইচ মনসুরকে সরিয়ে বিএনপি সরকার লুটপাটের পথ উন্মুক্ত করেছে: নাহিদ ইসলাম
· Prothom Alo

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে বিএনপি সরকার আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
Visit albergomalica.it for more information.
ওই পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই আর্থিক খাতে শৃঙ্খলা আনতে অনেকটাই সফল হন আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাতে বেশ কিছু সংস্কার সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করেন তিনি। এর মধ্য দিয়ে আর্থিক খাত কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।’
নাহিদ ইসলাম আরও লেখেন, ‘ফ্যাসিবাদী সরকারের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন আহসান এইচ মনসুর। বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দেশের মানুষের কষ্টার্জিত টাকা ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তিনি। এর পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থপাচার বন্ধের উদ্যোগও নেন এই অর্থনীতিবিদ।’
আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান করে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছিলেন বলে পোস্টে জানান নাহিদ। এটি বাস্তবায়ন করা সম্ভব হলে ব্যাংকিং সেক্টরে সরকারদলীয় ব্যবসায়ীদের নগ্ন হস্তক্ষেপ মোটাদাগে বন্ধ করা সম্ভব হতো মনে করেন নাহিদ।
পোস্টে নাহিদ অভিযোগ করেন, ‘এসব সংস্কারের কারণে বিএনপি-আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠীর লুটপাটের পথ কিছুটা বন্ধ হয়ে যায়। এ কারণে গভর্নর আহসান এইচ মনসুরের ওপর তারা ক্ষিপ্ত ছিলেন। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর সরকারের পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় ব্যাংকে দখল ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা শুরু করেন বিএনপি-আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা। ব্যাংকের বিধির তোয়াক্কা না করে হঠকারিতা শুরু করেন তারা।’
নাহিদ পোস্টে আরও লেখেন, ‘এর ধারাবাহিকতায় বুধবার বিএনপি-আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের নির্লজ্জ মবের সাক্ষী হয় দেশের কেন্দ্রীয় ব্যাংক। গভর্নরের উপদেষ্টাকে রীতিমতো শারীরিক হেনস্থা করে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। এই ন্যক্কারজনক হামলার নেতৃত্ব দেন নওশাদ মোস্তফা, সারোয়ার, মাসুম বিল্লাহ, গোলাম মোস্তফা শ্রাবণসহ বেশ কয়েকজন কর্মকর্তা। এরা ব্যাংকের অভ্যন্তরে বর্তমানে নতুন করে বিএনপিপন্থী হিসেবে পরিচিত। এদের মধ্যে মাসুম বিল্লাহ ও গোলাম মোস্তফা শ্রাবণ আওয়ামীপন্থী নীল দল থেকে নির্বাচন করে বাংলাদেশ ব্যাংকের ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।’
আহসান এইচ মনসুরকে না জানিয়েই নতুন গভর্নর নিয়োগ দেওয়া অত্যন্ত অপমানজনক বলে পোস্টে উল্লেখ করেন নাহিদ। এর মধ্য দিয়ে গত কয়েক দিনের ঘটনার সঙ্গে সরকারের ঊর্ধ্বতন মহলের সম্পৃক্ততাও স্পষ্ট হয়েছে বলেন তিনি।
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানকে নিয়ে পোস্টে কিছু মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি লেখেন, ‘এখানেই শেষ নয়; সরকার নজিরবিহীনভাবে একজন বিতর্কিত দলীয় ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দেয়। নতুন এ গভর্নর একজন (সাবেক) ঋণখেলাপি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তাঁর ৮৯ কোটি ২ লাখ টাকার ঋণখেলাপি ছিল। গত বছরের জুনে ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে বিশেষ বিবেচনায় ১০ বছরের জন্য তাঁর ঋণ পুনঃ তফশিল করা হয়েছে।
‘এ ধরনের একজন অনৈতিক সুবিধাপ্রাপ্ত ব্যবসায়ীর হাতে দেশের সর্বোচ্চ ব্যাংক ও আর্থিক খাত নিরাপদ থাকবে- তা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এর মধ্য দিয়ে এটা স্পষ্ট, সরকার ব্যাংকিং সেক্টর ও আর্থিক খাতে ফ্যাসিবাদী আমলের মতো নতুন করে লুটপাটের বন্দোবস্ত করতে ইচ্ছুক।’
আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ দেওয়ার ঘটনায় নিন্দা জানান নাহিদ ইসলাম। সৎ, দক্ষ ও অভিজ্ঞ অর্থনীতিবিদের হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।