শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ আগুন

· Prothom Alo

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, হঠাৎ তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ওপরের দিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার ভেতরে থাকা কিছু কাঠ ও ফেলনা জিনিসপত্রে আগুন জ্বলছে। ধোঁয়া দেখে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন নেভাতে কেউ এগিয়ে যাননি।

Visit forestarrow.rest for more information.

প্রত্যক্ষদর্শী মো. আক্তার বলেন, প্রায় ১০–১২ মিনিট আগুন জ্বলেছে। পরে নিজে থেকেই আগুন নিভে যায়।

২০২৪ সালের ৫ আগস্টের আগে ভবনটি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা ব্যবহার করতেন। গণ–অভ্যুত্থানের পর কার্যালয়টির আসবাবসহ প্রায় সবকিছু লুট হয়ে যায়। বেশির ভাগ নেতা–কর্মী আত্মগোপনে চলে যান। মঙ্গলবার কার্যালয়ের ভেতরে কীভাবে আগুন লাগল, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী বলেন, ‘এমন কোনো ঘটনার খবর আমরা পাইনি।’

Read full story at source