চলে গেলেন আলোচিত সালসাশিল্পী
· Prothom Alo

কিংবদন্তি সালসাশিল্পী উইলি কোলন মারা গেছেন। তিনি একাধারে ছিলেন ট্রম্বোনবাদক, গায়ক ও সুরকার। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
দীর্ঘদিনের ম্যানেজার পিয়েত্রো কার্লোস ফেসবুকে এক পোস্টে কোলনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘উইলি শুধু সালসা বদলে দেননি। তিনি এটিকে বিস্তৃত করেছেন, রাজনীতির সঙ্গে যুক্ত করেছেন, শহুরে জীবনের গল্পে সাজিয়েছেন এবং এমন সব মঞ্চে পৌঁছে দিয়েছেন, যেখানে আগে এটি যায়নি।’
Visit aportal.club for more information.
নিউইয়র্কে পুয়ের্তো রিকান অভিবাসী পরিবারে জন্ম নেওয়া উইলিয়াম অ্যান্থনি কোলন রোমান দক্ষিণ ব্রঙ্কসের কঠিন পরিবেশে বেড়ে ওঠেন। সেখান থেকে উঠে এসে তিনি অন্যতম প্রভাবশালী শিল্পীতে পরিণত হন।
মাত্র ১৫ বছর বয়সে ফানিয়া রেকর্ডসে চুক্তিবদ্ধ হন কোলন। প্রতিষ্ঠাতা জনি পাচেকো ও জেরি মাসুচি দ্রুতই তাঁর অসাধারণ প্রতিভা চিনে নেন।
চার দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে কোলন ৪০টির বেশি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন এবং মৃত্যুর আগপর্যন্ত নিয়মিত মঞ্চে পারফর্ম করে গেছেন।
২০০০ সালে কোলন ইন্টারন্যাশনাল ল্যাটিন মিউজিক হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। ২০০৪ সালে দ্য ল্যাটিন রেকর্ডিং একাডেমি তাঁকে আজীবন সম্মাননা দেয়। ২০১৯ সালে তিনি ল্যাটিন সংরাইটার্স হল অব ফেমে জায়গা পান। ২০১৫ সালে বিলবোর্ড তাঁকে সর্বকালের ৩০ জন প্রভাবশালী লাতিন শিল্পীর একজন হিসেবে স্বীকৃতি দেয়।
দক্ষিণ ব্রঙ্কসের সংগ্রামময় জীবন থেকে বিশ্বব্যাপী খ্যাতি—নিজের এই দীর্ঘ যাত্রা নিয়ে কোলন একবার বলেছিলেন, ‘আমি শুধু সংগীত নিয়েই ভাবতাম।’
উইলি কোলনের ঝুলিতে ৩০ মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি, একাধিক প্লাটিনাম রেকর্ড এবং ১১টি গ্র্যামি ও ল্যাটিন গ্র্যামি মনোনয়ন ছিল। সব মিলিয়ে কোলনকে সর্বকালের অন্যতম সফল সালসাশিল্পী মনে করা হয়।
দ্য গার্ডিয়ান অবলম্বনে